ওয়েব ডেস্ক: ৬৯ বছর বয়সেও সমান উদ্যমে কাজ করে চলেছেন বলিউডের চিরসবুজ অভিনেতা অনিল কাপুর (Anil Kapoor)। বয়স যে তাঁর কাছে কেবলই একটি সংখ্যা, তা বারবার প্রমাণ করে দিয়েছেন তিনি নিজের অভিনয়ের মাধ্যমে। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ওয়েব সিরিজ ‘সুবেদার’, যা ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
এরই মাঝে নতুন করে আলোচনায় এসেছে পরিচালক আদিত্য ধর (Aditya Dhar)-এর ছবি ধুরন্ধর (Dhurandhar) এবং তার সম্ভাব্য সিক্যুয়েল ধুরন্ধর ২ (Dhurandhar 2)। এই প্রসঙ্গেই এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেন অনিল কাপুর। তিনি জানান, ‘ধুরন্ধর ২’-এ অভিনয়ের প্রস্তাব পেয়েও শেষ পর্যন্ত তা ফিরিয়ে দিতে হয়েছিল তাঁকে—আর সেটাকেই তিনি নিজের অভিনয় জীবনের সবচেয়ে বড় ভুল বলে মনে করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনিল কাপুর বলেন, “আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ছবি নিয়ে আলাদা করে বলার কিছু নেই। বাকি সবার মতো আমিও এই ছবি নিয়ে ভীষণ উৎসাহী। আর সেই ছবির সিক্যুয়েলেই আদিত্য আমাকে একটি বিশেষ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আমি সেটা ফিরিয়ে দিতে বাধ্য হই। পরে মনে হয়েছিল, এটা আমার বিরাট একটা ভুল। অভিনয় জীবনে এর থেকে বড় ক্ষতি হয়তো আর কিছু হতে পারে না।”
কেন সেই প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছিল, তাও স্পষ্ট করেন অভিনেতা। তাঁর কথায়, “আসলে আদিত্য যখন ওই ছবির কথা বলেন, তখন আমি অন্য একটি শুটিংয়ের জন্য আগে থেকেই কথা দিয়ে ফেলেছিলাম। তাই প্রতিশ্রুতি ভাঙতে চাইনি। সেই কারণেই প্রস্তাবটা ফিরিয়ে দিতে হয়।”
নিজের পেশাগত নীতির কথাও তুলে ধরেন অনিল কাপুর। তিনি বলেন, “কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। আমি আজ যা হয়েছি, তা শুধুমাত্র কাজের প্রতি দায়বদ্ধতার জন্য। শুধু প্রতিভা দিয়ে একজন শিল্পী তৈরি হয় না—নিজের কাজ ও দর্শকদের প্রতিও দায়বদ্ধ থাকতে হয়। আমি সবসময় সেই জায়গাটা ধরে রাখার চেষ্টা করেছি।”
তবে ভবিষ্যতে আবারও আদিত্য ধরের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। অনিলের কথায়, সুযোগ পেলে তিনি অবশ্যই সেই কাজ করতে চান।



