ওয়েব ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পরে গত বছর মুক্তি পেয়েছিল দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Dev & Subhashree) অভিনীত ছবি ‘ধূমকেতু’। সেই ছবির পর থেকেই দর্শকমহলে ঘুরছিল একাধিক প্রশ্ন—এটাই কি দেব-শুভশ্রী জুটির শেষ ছবি? ভবিষ্যতে আর কি তাঁদের একসঙ্গে দেখা যাবে না? অবশেষে মিলল সেই সব প্রশ্নের উত্তর। ২০২৬ সালে ফের একসঙ্গে পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী। শনিবার এক্স হ্যান্ডেলে শুভশ্রী একটি ভিডিও পোস্ট করেন, সেখানেই #DESU পুজোয় ফিরছে বলে জানান অভিনেত্রী।
This Durga Puja, the temperature’s gonna rise 🌡️
Get ready for high-octane thrill, heartfelt romance and a chemistry that’s always loved!#DeSu7 #Dev51 #Pujo2026@idevadhikari pic.twitter.com/pE36QVRtOI— Subhashree Ganguly (@subhashreesotwe) January 2, 2026
উল্লেখ্য, বড়দিনে মুক্তি পেয়েছে দুই তারকারই আলাদা ছবি—দেবের ‘প্রজাপতি ২’ এবং শুভশ্রীর ‘লহ গৌরাঙ্গের নাম রে’। প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে সেই সময় বিতর্কও তৈরি হয়েছিল।
তবে ‘ধূমকেতু’র প্রচারপর্বে দর্শকের মধ্যে বিশেষ উন্মাদনা চোখে পড়েছিল। ঝলক প্রকাশের মঞ্চে নিজেদের পুরনো ছবির গানে একসঙ্গে নাচতেও দেখা গিয়েছিল দু’জনকে। সোশ্যাল মিডিয়ায় পরস্পরকে অনুসরণ করা, নৈহাটির বড়মার মন্দিরে একসঙ্গে পুজো দেওয়া—সব মিলিয়ে জুটি ঘিরে ফের আলোচনা তুঙ্গে ওঠে। তবে ছবি মুক্তির পরই আবার দূরত্ব তৈরি হয় তাঁদের মধ্যে। কিছু মন্তব্যকে ঘিরে বিতর্ক দানা বাঁধে, ফ্যান-ক্লাবগুলির মধ্যেও শুরু হয় মতবিরোধ। সেই বিতর্কে রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রের নামও জড়িয়ে পড়ে। যদিও শেষ পর্যন্ত সেই সব বিতর্ক দেব-শুভশ্রীর ফের জুটি বাঁধার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
সূত্রের খবর, আসন্ন ছবিটি হবে আদ্যপান্ত একটি প্রেমের গল্প। ‘ধূমকেতু’ ছবিতে তাঁদের পরিচালনা করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে নতুন এই ছবির পরিচালক কে হবেন, তা এখনও আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি।




