স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের এক দিনের সিরিজের জন্য মঙ্গলবার দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। দলে একাধিক চমক রয়েছে। ফিটনেস নিয়ে সংশয় থাকলেও রাখা হয়েছে অধিনায়ক রোহিত শর্মা এবং অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকে। অন্যদিকে প্রায় তিন বছর পর এক দিনের দলে ফিরলেন উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিশন (Ishan Kishan)। বাদ পড়েছেন ঋষভ পন্থ।
২০২৩ সালের ১১ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধেই শেষ বার এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ঈশান। এরপর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকতে হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে আবার নির্বাচকদের নজরে এনে দিয়েছে। বোর্ড সূত্রে খবর, নির্বাচক কমিটি এবং কোচিং স্টাফ বর্তমানে ফর্মে থাকা ঈশানের উপরেই বেশি ভরসা রাখতে চাইছে।
অন্যদিকে, ঋষভ পন্থকে দলে না রাখা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ক্রিকেটমহল। এক দিনের ফরম্যাটে সাম্প্রতিক সময়ে তাঁকে নিয়মিত সুযোগ দেওয়া হলেও প্রথম একাদশে জায়গা পাকা করতে পারেননি তিনি। উইকেটরক্ষকের দায়িত্ব অধিকাংশ সময়েই সামলেছেন লোকেশ রাহুল। ২০২৪ সালের ৭ অগাস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচ খেলেছিলেন পন্থ।
ফিটনেস সমস্যার কারণে আইপিএলের শেষ দিকে নিয়মিত খেলতে পারেননি হার্দিক পাণ্ডিয়া। একই অবস্থা রোহিত শর্মারও। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কয়েকটি ম্যাচে তিনি শুধুমাত্র ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করেছেন। তা সত্ত্বেও দু’জনকেই দলে রাখা হয়েছে। তবে বিসিসিআই জানিয়েছে, সিরিজ় শুরুর আগে প্রয়োজনীয় ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই তাঁরা চূড়ান্ত স্কোয়াডে থাকবেন।
এই সিরিজ়ে প্রথম বার এক দিনের আন্তর্জাতিক দলে সুযোগ পেয়েছেন তিন তরুণ ক্রিকেটার— প্রিন্স যাদব, গুরনুর ব্রার এবং হর্ষ দুবে। ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তাঁদের দলে নেওয়া হয়েছে। গুরনুর এবং হর্ষকে ইতিমধ্যেই টেস্ট দলেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাডেজা এবং অক্ষর পটেলকে। চোটের কারণে নেই হর্ষিত রানাও। ফলে আফগানিস্তান সিরিজে তরুণদের আরও বেশি সুযোগ দিয়ে ভবিষ্যতের দল গঠনের দিকেই নজর দিতে চাইছেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ২০২৩ সালের পর আবার এক দিনের দলে ফিরেছেন অর্শদীপ সিংও।
ভারত-আফগানিস্তান এক দিনের সিরিজ শুরু হবে ১৪ জুন ধর্মশালায়। দ্বিতীয় ম্যাচ হবে ১৬ জুন লখনউয়ে এবং তৃতীয় তথা শেষ ম্যাচ ১৭ জুন চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে।
একনজরে দেখে নিন ওয়ান ডে-তে ভারতীয় স্কোয়াড
শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ঈশান কিশন, হার্দিক পাণ্ডিয়া, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, প্রিন্স যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার এবং হর্ষ দুবে



