Monday, March 16, 2026
spot_img
24.3 C
West Bengal

Latest Update

PV Sindhu

PV Sindhu | দুবাইয়ে আটকে সিন্ধু

Follow us on :

স্পোর্টস ডেস্ক: অল ইংল্যান্ড ওপেন খেলতে যাওয়ার আগেই বড় সমস্যায় পড়লেন ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু (PV Sindhu)। দুবাই বিমানবন্দরে আটকে পড়েছেন তিনি। ইরানের হামলার জেরে সংযুক্ত আরব আমিরশাহির আকাশসীমা বন্ধ করে দেওয়ায় ইংল্যান্ডগামী বিমান ধরতে পারছেন না সিন্ধু। কবে বিমান পরিষেবা স্বাভাবিক হবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মর্যাদাপূর্ণ অল ইংল্যান্ড ওপেন। তার আগে ভারত থেকে দুবাই হয়ে ইংল্যান্ডের বার্মিংহ্যামে পৌঁছনোর কথা ছিল সিন্ধুর। শনিবার দুবাই পৌঁছনোর পরেই সে দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। বাতিল করা হয়েছে একাধিক আন্তর্জাতিক বিমান। পর্যটকদের দুবাইগামী বিমান এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। তবে সিন্ধুর সফরসূচি পূর্বনির্ধারিত থাকায় শেষ মুহূর্তে বিমান বদল করা সম্ভব হয়নি।

রবিবার সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন সিন্ধু। সেখানে দুবাই বিমানবন্দরে যাত্রীদের ভিড় এবং উৎকণ্ঠার চিত্র স্পষ্ট। তিনি লেখেন, “পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত সমস্ত বিমান বাতিল।” সিন্ধুর পোস্ট ঘিরে উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। সময়মতো বার্মিংহ্যামে পৌঁছতে না পারলে তাঁর প্রস্তুতিতে প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা।

এদিকে একই সমস্যায় পড়েছে ভারতের বাস্কেটবল দলও। বাস্কেটবল বিশ্বকাপের এশীয় যোগ্যতা অর্জন পর্ব খেলতে কাতারের দোহায় গিয়েছিল দল। কিন্তু আকাশপথে জটিলতার জেরে দেশে ফিরতে পারছে না তারা। ভারতীয় বাস্কেটবল সংস্থা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম-ও বিপাকে। দু’দিন আগে মক্কায় হজ পালনের উদ্দেশ্যে গিয়েছিলেন তিনি। ফেরার পথে দুবাই হয়ে দেশে ফেরার পরিকল্পনা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনও বিমান না থাকায় সৌদি আরবের জেড্ডায় আটকে পড়েছেন মুশফিকুর। সমাজমাধ্যমে নিজেই সেই কথা জানিয়েছেন তিনি।

আকাশপথ স্বাভাবিক না হলে ক্রীড়াবিদদের আন্তর্জাতিক সূচিতে আরও প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Entertainment