Friday, June 12, 2026
spot_img
31.1 C
West Bengal

Latest Update

Nisith Pramanik

Nisith Pramanik | বাংলার খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে বিরাট ঘোষণা ক্রীড়ামন্ত্রী নিশীথের

Follow us on :

স্পোর্টস ডেস্ক: বাংলার ক্রীড়াক্ষেত্রে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। অলিম্পিক-সহ আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ী ক্রীড়াবিদদের জন্য বিপুল অর্থ পুরস্কারের ঘোষণা করলেন তিনি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ক্রীড়ামন্ত্রী জানান, অলিম্পিকে সোনার পদক জিতলে বাংলার ক্রীড়াবিদদের দেওয়া হবে ৮ কোটি টাকা।

রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই ক্রীড়ামন্ত্রককে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নিশীথ। সেই পরিকল্পনার অংশ হিসেবেই পুরস্কারের অঙ্ক এক ধাক্কায় কয়েক গুণ বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ক্রীড়ামন্ত্রী বলেন, “আগের সরকার অলিম্পিকে সোনা জিতলে ২৫ লক্ষ টাকা দিত। আমরা সেটাকে ৮ কোটি টাকায় নিয়ে যাচ্ছি। রুপোর জন্য আগে ১৫ লক্ষ টাকা দেওয়া হত, এখন প্রস্তাব ৬ কোটি টাকা। ব্রোঞ্জ পদক জিতলে আগে ১০ লক্ষ টাকা দেওয়া হত, এখন তা ৪ কোটি টাকা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।”

শুধু অলিম্পিক নয়, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং ন্যাশনাল গেমসের পদকজয়ীদের জন্যও বিপুল অঙ্কের আর্থিক পুরস্কারের ঘোষণা করা হয়েছে।

প্রস্তাবিত নতুন পুরস্কার মূল্য

অলিম্পিক

সোনা — ৮ কোটি টাকা
রুপো — ৬ কোটি টাকা
ব্রোঞ্জ — ৪ কোটি টাকা

এশিয়ান গেমস

সোনা — ৫ কোটি টাকা
রুপো — ৪ কোটি টাকা
ব্রোঞ্জ — ২ কোটি টাকা

কমনওয়েলথ গেমস

সোনা — ১.৫ কোটি টাকা
রুপো — ৭৫ লক্ষ টাকা
ব্রোঞ্জ — ৫০ লক্ষ টাকা

বিশ্ব চ্যাম্পিয়নশিপ

সোনা — ২ কোটি টাকা
রুপো — ১.৫ কোটি টাকা
ব্রোঞ্জ — ১ কোটি টাকা

ন্যাশনাল গেমস

সোনা — ৭ লক্ষ টাকা
রুপো — ৬ লক্ষ টাকা
ব্রোঞ্জ — ৫ লক্ষ টাকা

এছাড়াও অলিম্পিক, প্যারালিম্পিক, কমনওয়েলথ বা আন্তর্জাতিক স্তরে পদকজয়ীদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ ডিএসপি পদ পর্যন্ত সরকারি চাকরির সুযোগ দেওয়ার কথাও ঘোষণা করেছেন ক্রীড়ামন্ত্রী।

রাজ্যের ক্রীড়া পরিকাঠামো এবং প্রতিভা অন্বেষণের ক্ষেত্রেও একাধিক পরিকল্পনার কথা জানিয়েছেন নিশীথ প্রামাণিক। তিনি বলেন, ক্রীড়ামন্ত্রককে আরও কার্যকর করতে একটি অ্যাডভাইসারি কমিটি গঠন করা হবে। পাশাপাশি ‘খেলো ইন্ডিয়া’ এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-এর সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে রাজ্য।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যের প্রতিটি জেলায় ১২টি খেলা নিয়ে ক্রীড়া মহোৎসব আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রান্তিক এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রতিযোগিতার মেগা ফাইনাল আয়োজন করা হবে কলকাতায়।

এ ছাড়া রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের অলিম্পিক ট্র্যাক বসানোর কথাও জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে থাকা বিতর্কিত মূর্তি সরানোর দায়িত্ব ইতিমধ্যেই পূর্তদপ্তরকে দেওয়া হয়েছে। সেখানে ভবিষ্যতে বাংলার কোনও কিংবদন্তি ফুটবলারের মূর্তি স্থাপন করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

বাংলায় জাতীয় ক্রীড়া নীতি পূর্ণ মাত্রায় কার্যকর করার দিকেও জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নিশীথ প্রামাণিক।

Entertainment