Monday, March 16, 2026
spot_img
24.3 C
West Bengal

Latest Update

Subhashree Ganguly

Subhashree Ganguly | ইউভানকে নিয়ে দুবাইয়ে আটকে শুভশ্রী! কেমন আছেন?

Follow us on :

ওয়েব ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমেরিকা ও ইজরায়েল। পাল্টা পশ্চিম এশিয়ায় মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। আফগানিস্তানকে কেন্দ্র করে পাকিস্তানের যুদ্ধঘোষণার খবরও মিলেছে। সামগ্রিকভাবে পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনার জেরে একাধিক দেশে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতিতেই দুবাইয়ে বেড়াতে গিয়ে ছেলে ইউভানকে নিয়ে আটকে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)।

জানা গিয়েছে, ইউভানের স্কুলে ছুটি থাকায় তাঁকে নিয়ে সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে বেড়াতে গিয়েছিলেন শুভশ্রী। শনিবারই দুবাই বিমানবন্দরে পৌঁছন তিনি। কিন্তু সেখানে পা রাখার কিছু ক্ষণের মধ্যেই পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির জেরে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও নিরাপদেই নির্দিষ্ট হোটেলে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী ও তাঁর ছেলে। সেখানেই আপাতত রয়েছেন তাঁরা।

শনিবার ইরানে হামলা চালায় ইজরায়েল ও আমেরিকা। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। পাল্টা ইরানও ইজরায়েলি সেনা ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ শানিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির বিভিন্ন অংশেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে খবর। দুবাই জুড়ে আতঙ্কের আবহ তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে বহু ভারতীয় পর্যটক আটকে পড়েছেন। তাঁদের মধ্যেই রয়েছেন শুভশ্রী। পরিবার সূত্রে জানা গিয়েছে, আপাতত মা-ছেলে ভালো আছেন এবং হোটেলেই অবস্থান করছেন। দুবাইয়ে তাঁদের কিছু পরিচিতজনও রয়েছেন, যাঁদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

আগামী ৫ তারিখ কলকাতায় ফেরার টিকিট কাটা রয়েছে অভিনেত্রীর। তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে ফিরতে বিলম্ব হতে পারে বলেই আশঙ্কা। যুদ্ধ পরিস্থিতির আবহে উদ্বেগে রয়েছেন অনুরাগীরাও।

Entertainment