Sunday, February 1, 2026
spot_img
26.5 C
West Bengal

Latest Update

Nirmala Sitharaman

Budget 2026 | Nirmala Sitharaman | বাজেট ঘোষণার জন্য কোন রাজ্যের শাড়ি বেছে নিলেন অর্থমন্ত্রী?

Follow us on :

নয়াদিল্লি: রাষ্ট্রপতি ভবন থেকে সংসদে এসে ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট (Budget 2026) পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। প্রতি বছরের মতো এ বারও বাজেটের দিনে তাঁর পোশাক ঘিরে আগ্রহ চোখে পড়ল দেশবাসীর। বাজেট বক্তৃতার জন্যও তিনি বেছে নিলেন দেশের এক ঐতিহ্যবাহী বুননের রেশমের শাড়ি।

এ দিন নির্মলার পরনে ছিল মভ ঘেঁষা মেরুন রঙের রেশমের শাড়ি, যা বোনা হয়েছে রেশম ও জড়ির কাজে। শাড়ির জমিতে ছিল সোনালি সুতোয় সূক্ষ্ম চেকের নকশা। পাড়ে গাঢ় চকলেট রঙ, তার উপর জোড়া ফিতে পাড়—রূপালি ও সোনালি জড়ির কাজে তৈরি, যেখানে চোখে পড়ে কয়েন মোটিফ। এই ধরনের নকশা দক্ষিণ ভারতের একাধিক রাজ্যের ঐতিহ্যবাহী শাড়িতে দেখা যায়।

তামিলনাড়ুর বিখ্যাত কাঞ্জিভরম শাড়িতেও কয়েন মোটিফ প্রচলিত। নির্মলা নিজে দক্ষিণ ভারতের কন্যা হওয়ায় বাজেটের দিনে নিজের রাজ্যের শাড়ি পরা স্বাভাবিক বলেই মনে করা হয়। এ বছর তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন থাকায় পোশাকের মধ্যেও রাজনৈতিক বার্তা খোঁজেন অনেকেই। সেই দিক থেকে তামিলনাড়ুর শাড়ি বেছে নেওয়া যুক্তিসঙ্গত বলেই মনে হতে পারে। তবে এ দিনের শাড়িটি কাঞ্জিভরম নয়।

অর্থমন্ত্রী এ দিন পরেছিলেন রেশমের গাদোয়াল শাড়ি। এই শাড়ির উৎপত্তি অবিভক্ত অন্ধ্রপ্রদেশে হলেও রাজ্য ভাগের পরে এর জিওগ্রাফিকাল ইন্ডিকেশন (GI) ট্যাগ রয়েছে তেলঙ্গনার নামে। সেখানকার গাদোয়াল শাড়িতেই এই ধরনের জোড়া পাড় ও ছোট ছোট কয়েন মোটিফের কাজ দেখা যায়।

শাড়ির সঙ্গে ব্লাউজ ও অন্যান্য অনুষঙ্গ বাছাইয়েও বরাবরই যত্নশীল নির্মলা সীতারমণ। যাঁরা তাঁর পোশাক-রুচির দিকে নজর রাখেন, তাঁরা তা ভালোই জানেন। তবে রবিবার বাজেটের দিনে তিনি কিছুটা ব্যতিক্রমী পথেই হাঁটলেন। দিল্লির শীতের কথা মাথায় রেখে তিনি পরেছিলেন সর্ষে হলুদ রঙের উলের ব্লাউজ, যার সঙ্গে শাড়ির পাড়ের জড়ির রঙের মিল রয়েছে। তার উপর ছিল গাঢ় চকলেট রঙের উলের শাল, যা শাড়ির পাড়ের রঙের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

সব মিলিয়ে, বাজেট বক্তৃতার মঞ্চে নির্মলা সীতারমণের উপস্থিতি যেমন অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ, তেমনই তাঁর ঐতিহ্যবাহী পোশাক বাছাইও এ দিন আলাদা করে নজর কেড়েছে।

Entertainment