স্পোর্টস ডেস্ক: ফিটনেসের প্রমাণ দিতে বিজয় হজারে ট্রফিতে একটি ম্যাচই যথেষ্ট হল শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) জন্য। দলের জয়ের পাশাপাশি ব্যাট হাতেও ঝলক দেখিয়েছেন তিনি। এর পরই আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তনের দরজা খুলে গেল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছেন শ্রেয়স। ১১ জানুয়ারি প্রথম এক দিনের ম্যাচে তাঁর মাঠে নামার সম্ভাবনাই বেশি।
শোনা যাচ্ছিল, শ্রেয়স পুরোপুরি ফিট প্রমাণ করতে পারলে প্রথম ম্যাচের পরেই তাঁকে ছাড়পত্র দেওয়া হবে। না হলে আরও একটি ম্যাচ খেলানোর ভাবনা ছিল। তবে একটি ম্যাচেই নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জন করেছেন তিনি। সূত্রের খবর, শ্রেয়সের শরীর এখন ৫০ ওভারের ক্রিকেটের ধকল নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। বৃহস্পতিবার বডোদরায় জাতীয় দলের বাকিদের সঙ্গে যোগ দেবেন তিনি।
মঙ্গলবার হিমাচল প্রদেশের বিরুদ্ধে বিজয় হজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলতে নেমেছিলেন শ্রেয়স। চার নম্বরে ব্যাট করতে নেমে ৫৩ বলে ৮২ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। গোটা ইনিংস জুড়েই তাঁর ব্যাটিংয়ে কোনও অস্বস্তি চোখে পড়েনি। বরং আত্মবিশ্বাসী স্ট্রোকপ্লে থেকেই ইতিবাচক ইঙ্গিত মিলেছে তাঁর শারীরিক প্রস্তুতি নিয়ে।
উল্লেখ্য, গত অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ের তৃতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় বুকে চোট পান শ্রেয়স। প্লীহাতে আঘাত লাগায় তাঁকে দীর্ঘ দিন অস্ট্রেলিয়ায় চিকিৎসাধীন থাকতে হয়। পরে দেশে ফিরে তিন মাসের জন্য মাঠের বাইরে চলে যান তিনি। শ্রেয়সের প্রত্যাবর্তনে ভারতের মিডল অর্ডার নিয়ে চিন্তা অনেকটাই কমবে গৌতম গম্ভীরদের। যদিও দক্ষিণ আফ্রিকা সফরে রুতুরাজ গায়কোয়াড়ের পারফরম্যান্সও নজর কেড়েছিল।




