ওয়েব ডেস্ক: ভারতীয় সঙ্গীতজগতে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত এভারগ্রিন সঙ্গীতশিল্পী আশা ভোসলে (Asha Bhosle)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘ প্রায় আট দশকের বর্ণময় কেরিয়ারে তিনি হয়ে উঠেছিলেন ভারতীয় সঙ্গীতের এক অবিস্মরণীয় অধ্যায়।
প্লে-ব্যাক গানের জগতে তাঁর কণ্ঠস্বর ছিল এক অনন্য পরিচয়। অসংখ্য হিট গান, জনপ্রিয় অ্যালবাম এবং দেশ-বিদেশে অগণিত কনসার্টের মাধ্যমে তিনি শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন। তাঁর সাফল্য শুধু সঙ্গীতেই সীমাবদ্ধ ছিল না—ব্যবসায়িক ক্ষেত্রেও তিনি রেখে গেছেন উজ্জ্বল দৃষ্টান্ত।
গানের জগতে সাফল্যের শিখরে অবস্থান করাকালীনই তিনি মন দেন ব্যবসায়। রন্ধনশিল্পের প্রতি তাঁর গভীর আগ্রহ থেকেই ২০০২ সালে দুবাইয়ে শুরু করেন নিজের রেস্তরাঁ চেইন Asha’s। পরবর্তীতে এই ব্র্যান্ড ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে। সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, বাহরিনের পাশাপাশি ম্যাঞ্চেস্টার ও বার্মিংহামের মতো শহরেও তাঁর রেস্তরাঁর শাখা গড়ে ওঠে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ২০০ থেকে ২৫০ কোটি টাকার মধ্যে। প্লে-ব্যাক, অ্যালবাম ও কনসার্টের পাশাপাশি তাঁর আয়ের একটি বড় অংশ আসত এই রেস্তরাঁ ব্যবসা থেকেও। এছাড়া মুম্বই ও পুণেতে তাঁর একাধিক সম্পত্তি রয়েছে, যার আনুমানিক মূল্য ৮০ থেকে ১০০ কোটির মধ্যে।
পুরস্কার ও সম্মানের নিরিখেও তাঁর কেরিয়ার ছিল অসাধারণ। তিনি সম্মানিত হন Dadasaheb Phalke Award-এ, ২০০৮ সালে পান Padma Bhushan। এছাড়া ১৯৯৭ সালে Grammy Awards-এর জন্য মনোনয়ন পান। ১৯৮৭ সালে অর্জন করেন নাইটিঙ্গেল অফ এশিয়া সম্মান। পাশাপাশি ফিল্মফেয়ার, বঙ্গবিভূষণ ও মহারাষ্ট্র সম্মানের মতো বহু মর্যাদাপূর্ণ পুরস্কারেও ভূষিত হন।
আশা ভোঁসলের প্রয়াণে শুধু একটি কণ্ঠস্বর নয়, হারাল ভারতীয় সঙ্গীতের এক যুগ। তাঁর গান, তাঁর অবদান এবং তাঁর বহুমুখী প্রতিভা চিরকাল বেঁচে থাকবে সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে।



