কলকাতা: আজ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস (Weather Update) দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।
তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি একটি অক্ষরেখাও বিস্তৃত রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। এই পরিস্থিতির জেরেই রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গে রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ঝড়বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে উত্তরবঙ্গেও আবহাওয়ার অবনতি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের ছয় জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। তবে শনিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে বলে জানানো হয়েছে। রবিবার থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।



