Wednesday, June 10, 2026
spot_img
40.8 C
West Bengal

Latest Update

Raghav Chadha

Mobile Recharge | Raghav Chadha | ১২ মাসে ১৩ বার মোবাইলে রিচার্জ, কেন? সংসদে গর্জে উঠলেন রাঘব চাড্ডা

Follow us on :

ওয়েব ডেস্ক: সংসদে জনস্বার্থের নানা ইস্যু তুলে ধরে ইদানিং সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। সম্প্রতি গিগ কর্মীদের অধিকার থেকে শুরু করে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা—বিভিন্ন বিষয়ে সরব হতে দেখা গেছে আপ-এর এই রাজ্যসভা সাংসদকে। এবার টেলিকম সংস্থাগুলির রিচার্জ পদ্ধতি নিয়ে সংসদে প্রশ্ন তুললেন তিনি।

সংসদে বক্তব্য রাখতে গিয়ে রাঘব চাড্ডা বলেন, প্রিপেড মোবাইল গ্রাহকদের ক্ষেত্রে রিচার্জের মেয়াদ শেষ হয়ে গেলেই যেভাবে ইনকামিং পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, তা অত্যন্ত সমস্যাজনক। তাঁর অভিযোগ, এটি কার্যত এক ধরনের বড়সড় আর্থিক প্রতারণা।

রাঘবের বক্তব্য, “রিচার্জের মেয়াদ শেষ হলেই ফোনে আর কেউ যোগাযোগ করতে পারে না। এমনকি গুরুত্বপূর্ণ ওটিপি বা জরুরি বার্তাও পৌঁছায় না। এতে জরুরি পরিস্থিতিতে মানুষ কার্যত অসহায় হয়ে পড়েন।” তাঁর মতে, রিচার্জ শেষ হলে আউটগোয়িং কল বন্ধ হওয়া যুক্তিযুক্ত হলেও ইনকামিং কল বন্ধ করে দেওয়া কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

এছাড়া টেলিকম সংস্থাগুলির বহুল সমালোচিত ২৮ দিনের রিচার্জ প্ল্যান নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি। রাঘব চাড্ডার দাবি, “২৮ দিনের প্ল্যান আসলে একটি ফাঁদ। ২৮ দিন করে ১৩ বার রিচার্জ করলে মোট ৩৬৪ দিন হয়। অর্থাৎ ১২ মাসে ১৩ বার রিচার্জ করতে হয়। ফলে বছরে একবার অতিরিক্ত রিচার্জ করতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা।”

তাঁর স্পষ্ট মত, মোবাইল রিচার্জের মেয়াদ ৩০ বা ৩১ দিনের হওয়া উচিত, যাতে গ্রাহকদের বাড়তি আর্থিক চাপ না পড়ে।

উল্লেখ্য, দেশে অধিকাংশ টেলিকম সংস্থাই মাসিক প্ল্যানের পরিবর্তে ২৮, ৫৪ বা ৮৪ দিনের রিচার্জ প্ল্যান চালু রেখেছে। এই বিষয়টি নিয়ে অতীতেও বিতর্ক তৈরি হয়েছে। এবার সংসদে বিষয়টি উত্থাপন করলেন রাঘব চাড্ডা। এখন দেখার, সরকার এই ইস্যুতে কোনও পদক্ষেপ নেয় কি না।

Entertainment