ওয়েব ডেস্ক: কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার শুরু থেকেই করকাঠামো সরলীকরণের উপর জোর দিয়ে আসছে। সরাসরি করদাতাদের বাড়তি ছাড় দেওয়ার বদলে করপ্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করার পক্ষেই বরাবর সওয়াল করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবারের কেন্দ্রীয় বাজেটেও (Budget 2026) তার ব্যতিক্রম হল না।
বাজেট ভাষণে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, আগামী ১ এপ্রিল থেকেই চালু হতে চলেছে নতুন আয়কর আইন। একই সঙ্গে তিনি জানান, ছোটখাটো কর ফাঁকির ক্ষেত্রে আর জেলযাত্রার মতো কড়া শাস্তির মুখে পড়তে হবে না করদাতাদের। তবে উল্লেখযোগ্যভাবে আয়কর হার বা সামগ্রিক কর কাঠামোয় কোনও পরিবর্তনের ঘোষণা করেননি অর্থমন্ত্রী।
কর ফাঁকি রুখতে আগেও করদাতা-বান্ধব নীতি গ্রহণ করেছে মোদি সরকার। সেই ধারাবাহিকতায় এদিন অর্থমন্ত্রী জানান, ভবিষ্যতে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে সামান্য কর ফাঁকি দেন, তাহলে তাঁকে জেলে যেতে হবে না। সেক্ষেত্রে শুধুমাত্র ১০ শতাংশ অতিরিক্ত জরিমানা দিলেই দায়মুক্তি মিলবে। সরকারের মতে, কর কাঠামোর জটিলতার কারণে অনেক সময় ছোট করদাতারা বিভ্রান্ত হয়ে পড়েন এবং অজান্তেই কর সংক্রান্ত ভুল করে ফেলেন। এই ধরনের করদাতাদের স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্মলা সীতারমণ।
#UnionBudget2026 | Union FM Nirmala Sitharaman says, “I propose a scheme for small taxpayers wherein a rule-based automated process will enable obtaining a lower or nil deduction certificate instead of filing an application with the assessing officer. For the ease of taxpayer… pic.twitter.com/GZyriPOtdU
— ANI (@ANI) February 1, 2026
বাজেটে আরও একটি বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী। এতদিন গাড়ি দুর্ঘটনার ইনসুরেন্স ক্লেম, সরকারি ক্ষতিপূরণ বা অন্যান্য সংস্থার থেকে পাওয়া ক্ষতিপূরণের উপর ৫, ১০ কিংবা ২০ শতাংশ হারে কর দিতে হত। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে দুর্ঘটনাজনিত কোনও ক্লেম বা ক্ষতিপূরণের উপর আর কোনও কর দিতে হবে না।
আয়কর সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণায় অর্থমন্ত্রী জানান, নতুন আয়কর আইনে ৩১ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে। অডিট না হওয়া ব্যবসায়িক সংস্থা বা ট্রাস্টগুলির ক্ষেত্রে ৩১ অগস্ট পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে। ভবিষ্যতে কর কাঠামো আরও সরলীকরণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। তবে তাৎপর্যপূর্ণভাবে এবারের বাজেটে আয়কর হার বা সরাসরি কর কাঠামোয় কোনও পরিবর্তনের ঘোষণা করা হয়নি।



