Friday, February 20, 2026
spot_img
23.6 C
West Bengal

Latest Update

Abhishek Sharma

Abhishek Sharma | সুপার এইটে খেলবেন অভিষেক শর্মা? মুখ খুললেন মর্কেল

Follow us on :

স্পোর্টস ডেস্ক: রবিবার সুপার এইটের মহারণে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। তবে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে একাধিক দুশ্চিন্তা ঘিরে ধরেছে টিম ইন্ডিয়াকে। বিশ্রী ফিল্ডিং, একের পর এক ক্যাচ মিস, স্পিনারদের বিরুদ্ধে ব্যর্থতা—সবকিছুর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে অভিষেক শর্মার (Abhishek Sharma) ফর্মহীনতা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত রানের মুখ দেখেননি বাঁহাতি এই ওপেনার। ফলে প্রশ্ন উঠছে, প্রোটিয়াদের বিরুদ্ধে কি প্রথম একাদশে থাকবেন অভিষেক? নাকি তাঁর জায়গায় সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন? এই জল্পনার মাঝেই মুখ খুললেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল।

মর্কেল বলেন, “নেটে খুবই পরিশ্রম করছে অভিষেক। দল ওর পাশে রয়েছে। আমরা এখন বিশ্বকাপের খুবই গুরুত্বপূর্ণ পর্বের মধ্য দিয়ে যাচ্ছি। নিশ্চিত যে, ও ফর্ম ফিরে পাবে। দর্শকদের ও বিনোদিত করবে, তা আমরাও দেখতে ভালোবাসি।”

চলতি বিশ্বকাপে পেস হোক কিংবা স্পিন—দুই ক্ষেত্রেই সমস্যায় পড়েছেন অভিষেক। পাকিস্তান আর নেদারল্যান্ডসের বিরুদ্ধে স্পিনে পরাস্ত হয়েছেন তিনি। আবার আমেরিকার বিপক্ষে পেসারের বলে বোল্ড হন। তবে দল যে তাঁর ফর্ম নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন নয়, সেটাই স্পষ্ট করেছেন বোলিং কোচ। সব মিলিয়ে ইঙ্গিত মিলছে, রবিবার ওপেনিংয়ে ঈশান কিষণের সঙ্গেই দেখা যেতে পারে অভিষেককে।

পরিসংখ্যান কিন্তু চিন্তার ভাঁজ বাড়াচ্ছে। শেষ আট ইনিংসে পাঁচবার শূন্য রানে ফিরেছেন অভিষেক। শেষ আট টি-টোয়েন্টিতে তাঁর স্কোর—৮৪, ০, ৬৮*, ০, ৩০, ০, ০, ০। সুপার এইটের আগে তাঁর আত্মবিশ্বাস যে তলানিতে, তা বলাই যায়।

অন্যদিকে ভারতের বড় মাথাব্যথা ফিল্ডিং। এশিয়া কাপের পর থেকেই যেন ক্যাচ মিসের রোগ পেয়ে বসেছে দলকে। গ্রুপ পর্বের চার ম্যাচে ৯টি ক্যাচ ফেলেছে ভারত। বুধবার রাতে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও দু’টি সহজ ক্যাচ হাতছাড়া করেন সূর্যকুমাররা। ডাচদের ১৭৬ রানে পৌঁছে যাওয়ার পিছনেও বড় ভূমিকা ছিল এই ফিল্ডিং বিভ্রাটের।

সুপার এইটের মতো হাইভোল্টেজ মঞ্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে তাই ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও নিখুঁত পারফরম্যান্স চাই ভারতীয় শিবিরের। এখন দেখার, গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে ঘুরে দাঁড়াতে পারে কি না টিম ইন্ডিয়া।

Entertainment