Thursday, April 2, 2026
spot_img
40.4 C
West Bengal

Latest Update

Oil free Luchi

Oil free Luchi | তেলে নয়, লুচি ভাজুন জলে! জেনে নিন পদ্ধতি

Follow us on :

ওয়েব ডেস্ক: লুচি ও তরকারির সঙ্গে বাঙালির সম্পর্ক বহু দিনের। ফুলকো ফুলকো গরম লুচি খেতে কার না ভালো লাগে বলুন তো। তবে সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে স্বাস্থ্য সচেতনতা। তেলে ভাজাভুজি খাবার এড়িয়ে চলছেন অনেকেই। ফলে লুচির বড় ভক্ত হয়েও অনেক মানুষ স্বাস্থ্যের কথা ভেবে এই প্রিয় খাবারটি থেকে দূরে থাকেন। তবে এবার আর চিন্তার কিছু নেই। তেল ছাড়াই ঘরে তৈরি করা যেতে পারে সুস্বাদু লুচি (Oil free Luchi)। বিশেষ একটি পদ্ধতি মেনে চললে সহজেই বানানো সম্ভব এই স্বাস্থ্যকর লুচি।

বিশেষজ্ঞদের মতে, তেলে ভাজা লুচি অতিরিক্ত ক্যালোরি যোগ করে এবং দীর্ঘদিন নিয়মিত খেলে স্থূলতা ও কোলেস্টেরলের ঝুঁকি বাড়াতে পারে। তাই বিকল্প হিসেবে তেল ছাড়া লুচি তৈরির এই পদ্ধতি এখন অনেকের কাছেই জনপ্রিয় হয়ে উঠছে। এই পদ্ধতিতে তেলের বদলে ব্যবহার করা হয় জল এবং শেষে লুচি ফুলিয়ে নিতে লাগে একটি এয়ার ফ্রায়ার।

কীভাবে বানাবেন তেল ছাড়া লুচি?

প্রথমে একটি পাত্রে ময়দা নিয়ে তার সঙ্গে সামান্য নুন এবং দুই চা চামচ দই মিশিয়ে নিন। যেহেতু লুচি তেলে ভাজা হবে না, তাই নরম রাখতে দই ব্যবহার করা জরুরি। এরপর ভালো করে ময়দা মেখে ছোট ছোট লেচি করে নিন এবং লুচির মতো করে বেলে নিন।

এবার একটি প্যানে জল ফুটতে দিন। জল ফুটতে শুরু করলে এক এক করে লুচিগুলি জলে ছেড়ে দিন। কিছুক্ষণের মধ্যেই লুচিগুলি জলের উপরে ভেসে উঠবে। তখন সেগুলি তুলে নিন।

আরেকটি উপায় হল ভাপিয়ে নেওয়া। ফুটন্ত জলের প্যানের উপর একটি ছাঁকনি বসিয়ে তার ওপর লুচিগুলি রাখুন। এরপর একটি প্লেট বা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই মিনিট ভাপিয়ে নিন।

সবশেষে এয়ার ফ্রায়ার ব্যবহার করতে হবে। প্রথমে এয়ার ফ্রায়ার ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করুন, এতে প্রায় ১০ মিনিট সময় লাগবে। এরপর লুচিগুলি উল্টে রেখে প্রায় চার মিনিট রান্না করুন। দেখবেন লুচিগুলি সুন্দরভাবে ফুলে উঠেছে।

এবার গরম গরম লুচি পরিবেশন করুন আলুর তরকারি, আলুর দম বা ছোলার ডালের সঙ্গে। স্বাস্থ্য সচেতনতার মাঝেও এভাবেই উপভোগ করা যাবে বাঙালির প্রিয় লুচি।

Entertainment