স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ধারাবাহিক বড় রান নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। একাধিক ম্যাচে ২৫০-র বেশি রান করার পর অনেকেরই অভিযোগ, ভারতীয় দলকে সুবিধা পাইয়ে দিতেই নাকি পিচ তৈরি করা হয়েছে। এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার গম্ভীর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতীয় দল এতটাই শক্তিশালী যে তাদের জন্য আলাদা করে সুবিধাজনক পিচ তৈরির কোনও প্রয়োজনই নেই। তাঁর মতে, বিতর্ক তৈরি করা এবং নজর কাড়ার জন্যই কিছু মানুষ পিচ নিয়ে অযথা সমালোচনা করছেন।
একটি সংবাদ সংস্থা-কে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর বলেন, “আমি এই বিষয়ের সঙ্গে একমত নই। আমরা কেন আলাদা ভাবে কিছু তৈরি করতে যাব? সত্যি বলতে, ভারত এতটাই ভালো দল যে আমরা এই ধরনের কিছু করার কথাই ভাবতে পারি না।”
এখানেই থেমে থাকেননি তিনি। গম্ভীর মনে করিয়ে দেন, শুধু ভারতের মাটিতেই নয়, বিদেশের মাটিতেও ভারত একইভাবে বড় রান করেছে। অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো দেশেও টি-টোয়েন্টি ম্যাচে ভারত ২০০-র বেশি রান করেছে বলে উল্লেখ করেন তিনি।
গম্ভীরের কথায়, “টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকায় তাকালেও দেখা যাবে আমরা সেখানে ২০০ রান করেছি। কিন্তু ভারতে ২০০ রান করলেই বলা হয় পিচ বিশেষভাবে তৈরি করা হয়েছে। আমার মনে হয় কিছু মানুষ শুধু বিতর্ক তৈরি করতে চায়। ভিউ আর টিআরপির জন্যই এই ধরনের মন্তব্য করা হয়।”
পিচ তৈরির দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যও তুলে ধরেছেন গম্ভীর। তাঁর দাবি, বিশ্বকাপের ম্যাচে পিচ তৈরির তদারকি করে আইসিসি (International Cricket Council), কোনওভাবেই বিসিসিআই (Board of Control for Cricket in India) নয়। তাই এই অভিযোগ ভিত্তিহীন বলেই মনে করেন তিনি।
কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের উদাহরণ টেনে গম্ভীর বলেন, “আমরা কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে প্রায় ১৮০ রান করেছিলাম। সেই একই পিচে অন্য দলগুলো ১৪০ রানের আশপাশে করছিল। তখন কিন্তু কেউ পিচ নিয়ে প্রশ্ন তোলেনি।”
সবশেষে গম্ভীর বলেন, দর্শকেরা সব সময় হাই-স্কোরিং ম্যাচই দেখতে চান। তাঁর মতে, “কেউ ১২০ রানের টি-টোয়েন্টি ম্যাচ দেখতে আসে না। এখন সারা বিশ্বেই হাই-স্কোরিং ম্যাচের প্রবণতা বেড়েছে।”



