Thursday, April 2, 2026
spot_img
34 C
West Bengal

Latest Update

US-Iran Conflict

Hormuz | US-Iran Conflict | যুদ্ধ চলছে, হরমুজ প্রণালী হয়ে তেল নিয়ে প্রথম জাহাজ এল ভারতে!

Follow us on :

ওয়েব ডেস্ক: আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের (US-Iran Conflict) সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম হরমুজ প্রণালী (Hormuz) পেরিয়ে একটি তেলবাহী জাহাজ ভারতে পৌঁছল। পণ্যবাহী ওই জাহাজে ১ লক্ষ ৩৫ হাজার মেট্রিক টনেরও বেশি অশোধিত তেল রয়েছে। বুধবার দুপুরে জাহাজটি মুম্বই বন্দরে পৌঁছয় বলে বন্দর সূত্রে জানা গিয়েছে।

লাইবেরিয়ার পতাকাবাহী ওই জাহাজটির নাম ‘শেনলং সুয়েজম্যাক্স’। সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণকারী সংস্থা ‘লয়েডস লিস্ট ইনটেলিজেন্স’ এবং ‘ট্যাঙ্কারট্র্যাকার্স’-এর তথ্য অনুযায়ী, গত ৩ মার্চ সৌদি আরবের রাস তনুরা বন্দর থেকে যাত্রা শুরু করেছিল জাহাজটি। ৮ মার্চ সেটি হরমুজ প্রণালী অঞ্চলে ছিল। তার পর থেকেই কিছু সময়ের জন্য জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সম্ভাব্য হামলার আশঙ্কায় নিজেদের অবস্থান গোপন রাখতেই জাহাজটি ট্র্যাকিং সিগন্যাল বন্ধ করে দিয়েছিল বলে অনুমান করা হচ্ছে। পরে ৯ মার্চ আবার জাহাজটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

ওমান উপসাগর ও আরব সাগর পেরিয়ে বুধবার (১১ মার্চ) দুপুর প্রায় ১টা নাগাদ জাহাজটি মুম্বই বন্দরে পৌঁছয় এবং সন্ধ্যা ৬টা নাগাদ নোঙর করে। মুম্বই বন্দরের আধিকারিক প্রবীণ সিংহ জানান, জাহাজটি জওহর দ্বীপে নোঙর করেছে। এরপর জাহাজে থাকা অশোধিত তেল খালাসের প্রক্রিয়া শুরু হয়। ওই তেল পূর্ব মুম্বইয়ের মহুল শোধনাগারে পাঠানো হবে।

জানা গিয়েছে, জাহাজটির মালিকানা রয়েছে এথেন্সের সংস্থা ‘ডায়নাকম ট্যাঙ্কার ম্যানেজমেন্ট লিমিটেড’-এর হাতে। জাহাজে মোট ২৯ জন নাবিক ও কর্মী ছিলেন। তাঁদের মধ্যে ভারতীয়দের পাশাপাশি পাকিস্তান ও ফিলিপিন্সের নাগরিকও রয়েছেন।

তেলবাহী জাহাজটি মুম্বইয়ে পৌঁছনোর ফলে অন্তত কয়েক দিনের জন্য ভারতে তেলের সরবরাহ নিশ্চিত হল বলে মনে করা হচ্ছে। তবে এখনও হরমুজ প্রণালীতে সম্ভাব্য হামলার আশঙ্কায় সমুদ্রে আটকে রয়েছে ভারতের প্রায় ২৮টি জাহাজ।

Entertainment