স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এবার তাঁকে ঘিরে দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করতে শুরু করেছে বিসিসিআই (Board of Control for Cricket in India)। লক্ষ্য—২০২৭ সালের বিশ্বকাপ এবং ২০২৮ সালের অলিম্পিক্সে যাতে বুমরা সম্পূর্ণ ফিট অবস্থায় খেলতে পারেন।
ভারতীয় বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, সামনে অনেক টি-টোয়েন্টি ম্যাচ থাকলেও ২০২৭ সালের অক্টোবর-নভেম্বর পর্যন্ত সেই সিরিজগুলোর বিশেষ গুরুত্ব নেই। এই সময়ের মধ্যে এশিয়ান গেমসও রয়েছে, যা টি-টোয়েন্টি ফরম্যাটেই অনুষ্ঠিত হবে। তবে আপাতত ভারতীয় দলের প্রধান লক্ষ্য এক দিনের বিশ্বকাপ। সেই ভাবনাতেই তৈরি করা হবে বুমরাহকে। অর্থাৎ টি-টোয়েন্টির তুলনায় এক দিনের ম্যাচেই বেশি খেলানো হবে তাঁকে।
ভারতীয় ক্রিকেটারদের অনেকেই অলিম্পিক্সে খেলতে আগ্রহী, বুমরাও তার ব্যতিক্রম নন। তবে অলিম্পিক্সের আগে বোর্ডের মূল লক্ষ্য, আগামী বিশ্বকাপে যেন চোটমুক্ত অবস্থায় খেলতে পারেন এই তারকা পেসার।
এই মুহূর্তে বুমরা খেলবেন আইপিএল (IPL)। তার পর বোর্ডের উৎকর্ষ কেন্দ্রের প্রধান ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman), জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং দুই ফরম্যাটের অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) একসঙ্গে বসে বুমরার ভবিষ্যৎ পরিকল্পনার নীলনকশা তৈরি করবেন। বিশেষ করে তাঁর কাজের চাপ বা ‘ওয়ার্কলোড’ কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হবে।
তবে একটি বিষয় স্পষ্ট WTC-র কথা মাথায় রেখে লাল বলের ক্রিকেটে বুমরাহকে খেলানো হবেই। সাদা বলের ক্রিকেটে তিনি খেলবেন টুর্নামেন্টের গুরুত্ব অনুযায়ী।
পরিসংখ্যান বলছে, ২০২৩ থেকে ২০২৬—এই সময়ে বিশ্বকাপ না থাকায় একটিও এক দিনের ম্যাচ খেলেননি বুমরা। ২০২৩ বিশ্বকাপ ফাইনাল (১৯ নভেম্বর ২০২৩) খেলার পর থেকে তিনি মোট ৪২টি ম্যাচ খেলেছেন। তার মধ্যে ২১টি টেস্ট এবং ২১টি টি-টোয়েন্টি।
এবার বোর্ডের লক্ষ্য ৫০ ওভারের ক্রিকেটে তাঁকে বেশি করে ব্যবহার করা। তাই টি-টোয়েন্টি ফরম্যাটে বুমরাকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হতে পারে।
বোর্ডের এক কর্তার কথায়, “বিশ্বমঞ্চের যে কোনও বড় প্রতিযোগিতায় বুমরার ফিটনেসই সবার আগে। তাই দল পরিচালন সমিতি এই বিষয়টিতে বিশেষ নজর দিচ্ছে। টেস্টে বুমরা খেলবেই, তবে সাদা বলের ক্রিকেটে ৫০ ওভারের ম্যাচেই তাঁকে বেশি ব্যবহার করা হবে। বিশ্বকাপের আগে প্রায় ৩০-৩৫টি ম্যাচ রয়েছে, তাই ঝুঁকি নেওয়ার কোনও সুযোগ নেই।”
বর্তমানে এক দিনের ক্রিকেটে ভারতের পেস আক্রমণ খুব শক্তিশালী নয়। বুমরা ছাড়া দলে রয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj), অর্শদীপ সিং (Arshdeep Singh) এবং ফিট থাকলে হর্ষিত রানা (Harshit Rana)। তাই বুমরাকে সুস্থ ও ফিট রাখা ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বোর্ড।



