Monday, February 16, 2026
spot_img
28.2 C
West Bengal

Latest Update

T20 World Cup 2026

T20 World Cup 2026 | ১ মার্চ ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ, আর কবে কোথায় ভারতের ম্যাচ?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। রবিবার কলম্বোর মাঠে পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইট (T20 World Cup 2026) নিশ্চিত করে ফেলল ভারত। এই জয়ে আত্মবিশ্বাস তুঙ্গে সূর্যকুমার যাদবদের। এবার নজর সুপার এইট পর্বে।

সুপার এইটে মোট আটটি দল দু’টি গ্রুপে ভাগ—গ্রুপ ‘এক্স’ ও গ্রুপ ‘ওয়াই’। গ্রুপ পর্ব থেকে প্রতিটি গ্রুপের সেরা দুই দল নক আউটে উঠলেও সুপার এইটের সূচি আগেভাগেই নির্ধারিত। অর্থাৎ, দলগুলি গ্রুপে যে স্থানেই শেষ করুক না কেন, নির্দিষ্ট স্লট অনুযায়ীই খেলতে হবে।

উদাহরণ হিসেবে বলা যায়, ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হোক বা রানার্স-আপ—তারা খেলবে ‘এক্স ১’ হিসেবেই। গ্রুপ ‘এক্স’-এ সম্ভাব্য অন্য তিন দল হল অস্ট্রেলিয়া (এক্স ২), ওয়েস্ট ইন্ডিজ় (এক্স ৩) ও দক্ষিণ আফ্রিকা (এক্স ৪)। ইতিমধ্যেই ভারত ও ওয়েস্ট ইন্ডিজ়ের সুপার এইট নিশ্চিত। অন্যদিকে গ্রুপ ‘ওয়াই’-এ ধরা রয়েছে ইংল্যান্ড (ওয়াই ১), নিউ জিল্যান্ড (ওয়াই ২), পাকিস্তান (ওয়াই ৩) ও শ্রীলঙ্কা (ওয়াই ৪)।

তবে যদি কোনও নির্ধারিত দল সুপার এইটে উঠতে না পারে, সে ক্ষেত্রে তার জায়গায় সেই গ্রুপ থেকে যোগ্যতা অর্জনকারী দলই সংশ্লিষ্ট স্লটে খেলবে। যেমন, অস্ট্রেলিয়ার বদলে যদি জিম্বাবোয়ে ওঠে, তা হলে তারা ‘এক্স ২’ হিসেবেই খেলবে।

সূচি চূড়ান্ত

  • ১ মার্চ ‘এক্স ১’ বনাম ‘এক্স ৩’ ম্যাচ। অর্থাৎ সেদিন কলকাতার ইডেন গার্জেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ অনুষ্ঠিত হবে।
  • ভারতের বাকি দুই ম্যাচ ২২ ফেব্রুয়ারি ও ২৬ ফেব্রুয়ারি।
  • ২২ ফেব্রুয়ারি: অহমদাবাদে সম্ভাব্য প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা
  • ২৬ ফেব্রুয়ারি: চেন্নাইয়ে সম্ভাব্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
  • প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে।

বর্তমান পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার সুপার এইটে ওঠা প্রায় নিশ্চিত। তারা গ্রুপ ডি-র শীর্ষে রয়েছে। তবে অস্ট্রেলিয়া কিছুটা চাপে। তাদের বদলে জিম্বাবোয়ের নক আউটে ওঠার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি সেই পরিস্থিতি তৈরি হয়, তা হলে ২৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বদলে জিম্বাবোয়ের মুখোমুখি হবেন সূর্যকুমার যাদবরা।

সুপার এইটের লড়াই ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে ক্রিকেট মহলে। এখন দেখার, গ্রুপ পর্বের দাপট নক আউটের মঞ্চেও ধরে রাখতে পারে কি না ভারত।

Entertainment