কলকাতা: রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা করল নবগঠিত সরকার। আগামী ১ জুন থেকেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা ভান্ডার’-এর (Annapurna Bhandar) টাকা পাঠানো শুরু হবে বলে সোমবার জানানো হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে, ওই দিন থেকেই সরকারি বাসে মহিলাদের জন্য চালু হবে বিনামূল্যে যাত্রার সুবিধা।
ভোটপ্রচারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক সভা থেকে ‘অন্নপূর্ণা ভান্ডার’-এর প্রতিশ্রুতি দিয়েছিলেন। নতুন সরকারের প্রথম কর্মদিবসেই সেই প্রতিশ্রুতি রূপায়ণের পথে হাঁটল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের ঘোষণা করেছিলেন। নির্বাচনে জয়ের পর সেই প্রকল্প চালু হয়। প্রথমে মাসিক ৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হলেও পরবর্তীতে ধাপে ধাপে সেই অঙ্ক বাড়ানো হয়। পূর্বতন সরকারের শেষ বাজেটে সাধারণ মহিলাদের জন্য মাসিক দেড় হাজার টাকা এবং তফসিলি জাতি ও জনজাতি মহিলাদের জন্য ১,৭০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল।
এরই পাল্টা হিসেবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের সংকল্পপত্রে মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা ভান্ডার’-এর প্রতিশ্রুতি দেয়। সেখানে প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছিল। সোমবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকেই পদক্ষেপ করল নতুন সরকার।
এছাড়াও মহিলা ভোটব্যাঙ্ককে লক্ষ্য করে নির্বাচনী প্রচারে বিজেপির তরফে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। সোমবার রাজ্য সরকার জানিয়েছে, আগামী ১ জুন থেকেই রাজ্যের মহিলারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।
প্রসঙ্গত, দেশের মধ্যে প্রথম দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকার মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রার সুবিধা চালু করেছিল। পরে দিল্লিতে সরকার বদলালেও সেই পরিষেবা এখনও বহাল রয়েছে।



