ওয়েব ডেস্ক: তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে। তাঁদের দৈনন্দিন জীবন, কাজকর্ম কিংবা ব্যক্তিগত মুহূর্ত— সব কিছু নিয়েই কৌতূহলের শেষ নেই। তবে সেই অতিরিক্ত আগ্রহের জেরে অনেক সময় ছড়িয়ে পড়ে ভুয়ো খবরও। সম্প্রতি তেমনই একটি গুজব ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে বলিউড অভিনেতা শক্তি কাপুরকে (Shakti Kapoor) নিয়ে।
গত ২৪ ঘণ্টায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর। বিষয়টি অভিনেতার কানে পৌঁছতেই তিনি নিজেই সামনে এসে সমস্ত জল্পনায় ইতি টানেন। একটি ভিডিয়ো বার্তায় শক্তি কাপুর জানান, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
ভিডিয়োয় অভিনেতাকে বলতে শোনা যায়, “দয়া করে চিন্তিত হবেন না। আমার মৃত্যুর ভুয়ো খবর রটানো হয়েছে। আমি একদম সুস্থ ও সতেজ আছি।” পাশাপাশি, এই ধরনের মিথ্যা খবর ছড়িয়ে দেওয়ায় বিরক্তিও প্রকাশ করেছেন তিনি। যদিও সাইবার ক্রাইমে অভিযোগ জানানোর ইচ্ছা নেই বলেও জানিয়েছেন শক্তি। অনুরাগীদের উদ্দেশে তাঁর আবেদন, এ ধরনের ভুয়ো খবর বিশ্বাস না করার।
তবে এই প্রথম নয়, এর আগেও বহু বলিউড তারকাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রজনীকান্ত, ক্যাটরিনা কইফ, পরেশ রাওয়ালের মতো একাধিক তারকাকে ঘিরেও অতীতে মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কয়েক বছর আগে একই ধরনের ঘটনার শিকার হয়েছিলেন অভিনেতা রাজা মুরাদও। তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় উদ্বেগে পড়ে গিয়েছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা। পরে রাজা জানিয়েছিলেন, তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর কথায়, এ ধরনের ভুয়ো খবর শুধু বিভ্রান্তিই ছড়ায় না, পরিবারের উপর মানসিক চাপও তৈরি করে। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি আর না তৈরি হয়, সে জন্য কড়া পদক্ষেপের পক্ষেও সওয়াল করেছিলেন তিনি।



