কলকাতা: রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগ করা হল মনোজ আগরওয়ালকে (Manoj Agarwal)। সোমবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বর্তমানে মুখ্যসচিবের দায়িত্বে থাকা দুষ্মন্ত নারিওয়ালকে দিল্লিতে পাঠানো হচ্ছে বলেও সূত্রের খবর।
সোমবার বিজেপি সরকারের প্রথম কর্মদিবসেই প্রশাসনের শীর্ষপদে বড় পরিবর্তনের ঘোষণা করল নবান্ন। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। প্রথমেই প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন তিনি। সূত্রের খবর, সেই বৈঠকে উপস্থিত ছিলেন মনোজ আগরওয়ালও। প্রশাসনিক মহলে তখন থেকেই জল্পনা শুরু হয়, নতুন সরকারের আমলে কি তাঁকে বড় কোনও দায়িত্ব দেওয়া হতে চলেছে?
সেই জল্পনার মধ্যেই নবান্নের তরফে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হচ্ছেন মনোজ আগরওয়াল। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) হিসেবে বিধানসভা নির্বাচন পরিচালনার দায়িত্ব সামলেছিলেন তিনি।
নতুন সরকারের প্রশাসনিক রদবদলের সূচনায় এই নিয়োগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।


