স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার সকালে জানা গিয়েছিল, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ খেলতে রায়পুরে যাননি মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। কেন তিনি দলের সঙ্গে যাননি, তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। তবে সন্ধ্যাতেই সেই রহস্যের সমাধান করেন সূর্য নিজেই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানান, কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি।
প্রায় এক দশক আগে চিকিৎসক দেবিশা শেট্টির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সূর্যকুমার। কলেজ জীবন থেকেই তাঁদের প্রেমের সম্পর্ক। একটি নাচের অনুষ্ঠানে প্রথম দেবিশাকে দেখে ভাল লেগে যায় সূর্যের। পরে তিনিই প্রেমপ্রস্তাব দেন। সেই সময় আইপিএলে ধীরে ধীরে পরিচিতি পাচ্ছিলেন ভারতীয় ব্যাটার। ক্রিকেটজীবনের শুরুর দিকেই দেবিশাকে বিয়ে করেন তিনি।
বারবার নিজের ক্রিকেটজীবনের সাফল্যের পিছনে স্ত্রীর অবদানের কথা উল্লেখ করেছেন সূর্যকুমার। কঠিন সময়ে দেবিশা কী ভাবে তাঁর পাশে থেকেছেন, সে কথাও বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার। এমনকি নিজের পেশাগত ব্যস্ততা অনেকটাই কমিয়ে সূর্যের সঙ্গে নিয়মিত সফরেও গিয়েছেন দেবিশা। তবে চলতি আইপিএলে তাঁকে মাঠে খুব একটা দেখা যায়নি। বৃহস্পতিবারের ঘোষণার পর সেই জল্পনারও অবসান হল।
ব্যক্তিগত জীবনে সুখবর এলেও মাঠে সময়টা ভাল যাচ্ছে না সূর্যকুমারের। তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্সও চলতি আইপিএলে ছন্দে নেই। ১০ ম্যাচে মাত্র তিনটি জয় নিয়ে তারা রয়েছে পয়েন্ট তালিকার ন’নম্বরে। ব্যাট হাতেও প্রত্যাশিত ছাপ ফেলতে পারেননি সূর্য। এখনও পর্যন্ত ১০ ম্যাচে তাঁর সংগ্রহ ১৯৫ রান।
রায়পুরের ম্যাচের জন্য মুম্বই দলের ক্রিকেটারেরা একসঙ্গে যাননি। একাধিক দলে ভাগ হয়ে সফরে যায় তারা। প্রথম দফায় যাওয়ার কথা ছিল অধিনায়ক হার্দিক পাণ্ড্যার। তিনি যাননি। দ্বিতীয় দফায় যাওয়ার কথা ছিল সূর্যকুমারের, কিন্তু তিনিও সফরে যোগ দেননি।
এই পরিস্থিতিতে মুম্বইয়ের অধিনায়কত্ব সামলাতে পারেন রোহিত শর্মা, এমন সম্ভাবনাও তৈরি হয়েছে। যদিও চোটের কারণে সম্প্রতি কয়েকটি ম্যাচে খেলতে পারেননি তিনি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে ভাল ব্যাট করেছিলেন। তবে পূর্ণ সময় অধিনায়কত্ব করতে হলে টানা ২০ ওভার মাঠে থাকতে হবে রোহিতকে। সেই ফিটনেস তাঁর রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।



