স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজুর রহমানকে দলে রাখতে পারবে না কলকাতা নাইট রাইডার্স। শনিবার সকালেই এই নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের নির্দেশ পাওয়ার পর সরকারি ভাবে প্রতিক্রিয়া জানিয়েছে শাহরুখ খান মালিকানাধীন কেকেআর (KKR)। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, মুস্তাফিজুরকে ছেড়ে দিতে হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে কি না ফ্র্যাঞ্চাইজি।
বিসিসিআইয়ের নির্দেশের প্রেক্ষিতে একটি বিবৃতি প্রকাশ করেছে কেকেআর কর্তৃপক্ষ। বিবৃতির শিরোনাম, “কলকাতা নাইট রাইডার্স – দলের আপডেট”। সেখানে জানানো হয়েছে, “কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই আসন্ন মরসুমের আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় বোর্ডের নির্দেশ ও পরামর্শ মেনে যথাযথ প্রক্রিয়ায় তাঁকে মুক্ত করা হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী, বিসিসিআই কেকেআরকে এক জন পরিবর্ত খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সময়মতো জানানো হবে।”
কেকেআর সূত্রে জানা গিয়েছে, বোর্ডের নির্দেশ পাওয়ার পরই প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি জোরে বোলারকে দল থেকে বাদ দেওয়ায় কেকেআরের ক্রিকেটার সংখ্যা ২৫ থেকে কমে দাঁড়িয়েছে ২৪ জনে।
শনিবার সকালে বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া বলেন, “সাম্প্রতিক ঘটনাবলীর কারণে বিসিসিআই আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজ়ি, কলকাতা নাইট রাইডার্সকে নির্দিষ্ট নির্দেশ দিয়েছে। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। কেকেআর যদি পরিবর্ত খেলোয়াড় নিতে চেয়ে আবেদন করে, বোর্ড তাদের অনুমতি দেবে।”
চলতি আইপিএল নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে মুস্তাফিজুরকে কিনেছিল কেকেআর। তাঁকে ছেড়ে দিতে হওয়ায় ফ্র্যাঞ্চাইজির আর্থিক ক্ষতি হবে কি না, তা নিয়ে স্বাভাবিক ভাবেই আলোচনা শুরু হয়েছে।
তবে আইপিএলের নিয়ম অনুযায়ী কেকেআরের কোনও আর্থিক ক্ষতি হচ্ছে না। কারণ, প্রথমত আইপিএল শুরু হওয়ার আগেই মুস্তাফিজুরকে মুক্ত করা হয়েছে। দ্বিতীয়ত, তাঁকে ছেড়ে দিতে হচ্ছে সম্পূর্ণ অক্রিকেটীয় কারণে, যা কেকেআর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে। ফলে শাহরুখ খানের দল পুরো ৯ কোটি ২০ লক্ষ টাকাই পরিবর্ত ক্রিকেটার নেওয়ার জন্য ব্যবহার করতে পারবে।




