ওয়েব ডেস্ক: হনুমানজয়ন্তীর শুভক্ষণে প্রতিশ্রুতি রক্ষা করল ‘রামায়ণ’-এর নির্মাতা দল। ২ এপ্রিল প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ছবির প্রথম প্রচার-ঝলক, যেখানে প্রথমবার বড়পর্দায় রাম রূপে ধরা দিলেন রণবীর কাপুর (Ramayana First Glimpse Ranbir Kapoor)। পরিচালক নীতেশ তিওয়ারি-র এই মহাকাব্যিক উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাস তুঙ্গে দর্শকমহলে।
প্রযোজক নমীত মলহোত্র-র এই ছবির অন্যতম আকর্ষণ এর উচ্চমানের ভিএফএক্স। আন্তর্জাতিক স্তরের, আটবার অস্কারজয়ী ভিএফএক্স স্টুডিয়োর কাজ এতে ব্যবহৃত হয়েছে বলে জানা গেছে। প্রথম ঝলকেই সেই প্রযুক্তির ছাপ স্পষ্ট—এমনটাই মত দর্শকদের একাংশের।
শুধু দৃশ্য নয়, ছবির আবহসঙ্গীতও নজর কেড়েছে। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এআর রহমান এবং হ্যান্স জ়িমার। দুই বিশ্বমানের সুরকারের যুগলবন্দি ছবির প্রতি প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
এই ছবিতে সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবী-কে, আর রাবণের ভূমিকায় রয়েছেন যশ। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সানি দেওল ও রবি দুবে।
অভিনেতা আলিয়া ভাট স্বামীর এই নতুন ছবির প্রথম ঝলক ইতিমধ্যেই নিজের সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। ‘ত্রাতা’ রূপে রণবীরের উপস্থিতি দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে আরও।
উল্লেখযোগ্য, কয়েক বছর আগে মুক্তিপ্রাপ্ত আদিপুরুষ ভিএফএক্সের কারণে সমালোচিত হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে ‘রামায়ণ’-এ নির্মাতারা আরও নিখুঁত কাজের চেষ্টা করেছেন বলেই মনে করছেন অনেকে। প্রায় ২ মিনিট ৩৮ সেকেন্ডের প্রথম ঝলককে ইতিমধ্যেই “নিখুঁত” বলে আখ্যা দিয়েছেন দর্শকের একাংশ।
এখন দেখার, মুক্তির পর বক্সঅফিসে কেমন ফল করে এই বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’।



