Sunday, May 17, 2026
spot_img
43.7 C
West Bengal

Latest Update

RN Ravi takes Oath

RN Ravi takes Oath | শপথ নিলেন রাজ্যপাল আর এন রবি, উপস্থিত মুখ্যমন্ত্রীও

Follow us on :

কলকাতা: কলকাতার লোকভবন (সাবেক রাজভবন)-এ বৃহস্পতিবার শপথ নিলেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল আরএন রবি (RN Ravi)। তাঁকে শপথবাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল (Chief Justice Sujay Paul)।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

নির্ধারিত সময় মেনে সকাল সাড়ে ১১টায় শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে এবং শেষে জাতীয় গান ‘বন্দে মাতরম্’ এবং জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ বাজানো হয়। শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন নতুন রাজ্যপাল।

প্রসঙ্গত, প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C. V. Ananda Bose)-এর ইস্তফার পর পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয় রবীন্দ্র নারায়ণ রবিকে। এত দিন তিনি ছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল। বুধবারই তিনি কলকাতায় পৌঁছন।

তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন রাজ্যের ডিএমকে সরকারের সঙ্গে একাধিকবার সংঘাতে জড়িয়েছিলেন রবি। বিভিন্ন বিল ঘিরে মুখ্যমন্ত্রী এমকে স্তালিনের (M. K. Stalin) সরকারের সঙ্গে তাঁর মতবিরোধ প্রকাশ্যে আসে। এমনকি রাজ্যপালকে অপসারণের দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) কাছেও আবেদন জানিয়েছিল ডিএমকে নেতৃত্ব।

এবার সিভি আনন্দ বোসের (C. V. Ananda Bose) উত্তরসূরি হিসেবে সেই রবিকেই পশ্চিমবঙ্গের লোকভবনের দায়িত্ব দেওয়া হল।

Entertainment