স্পোর্টস ডেস্ক: ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পরও নেতৃত্বের আসন ধরে রাখা কঠিন হয়ে উঠছে সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav) জন্য। ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। তাঁর পরিবর্তে নতুন অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নামই এখন সবচেয়ে বেশি শোনা যাচ্ছে।
একটি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, চলতি আইপিএল শেষ হওয়ার পর জাতীয় নির্বাচকেরা যখন আগামী সিরিজগুলির জন্য দল নির্বাচন করবেন, তখনই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ভারতের সামনে রয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ এবং তার পর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের গুরুত্বপূর্ণ সিরিজ।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরেই ব্যাট হাতে প্রত্যাশিত ছন্দে নেই সূর্যকুমার। নির্বাচকদের একাংশ মনে করছেন, তাঁকে নিয়ে আর বেশি অপেক্ষা করার সুযোগ নেই। সেই কারণেই শুধু দলে ফেরা নয়, নেতৃত্বের দৌড়েও অনেকটাই এগিয়ে গিয়েছেন শ্রেয়স আয়ার।
আইপিএলে ধারাবাহিক সাফল্য শ্রেয়সের পক্ষে বড় ভূমিকা নিয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই কলকাতা নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন হয়। পরের মরসুমে পঞ্জাব কিংসকে ফাইনালে তোলেন তিনি। চলতি বছরেও পঞ্জাব প্লে-অফে ওঠার অন্যতম দাবিদার।
অন্য দিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে ৮৪ রানের ইনিংস খেললেও বাকি গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে বড় রান পাননি সূর্য। পুরো প্রতিযোগিতায় ৯ ইনিংসে তাঁর সংগ্রহ ছিল ২৪২ রান।
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে কয়েকটি ভাল ইনিংস বাদ দিলে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতা ছিল না তাঁর ব্যাটে। ভারতীয় দলের নেতৃত্ব নেওয়ার পর থেকেও রান করার ক্ষেত্রে লড়াই করতে হয়েছে তাঁকে। এখনও পর্যন্ত ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর রান ৯৩২।
আর শ্রেয়স আয়ার ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে। দেশের জার্সিতে ৫১টি ম্যাচে তিনি করেছেন ১১০৪ রান। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর অপরাজিত ৭৪।



