স্পোর্টস ডেস্ক: ভারতের কাছে হারলে পাকিস্তানের টেলিভিশন ভেঙে ফেলার দৃশ্য নতুন নয়। রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে (India vs Pakistan) কলম্বোতে পাকিস্তানের হারের পর আবার ফিরে এল সেই পুরনো দৃশ্য। খেলা শেষে রাগের মাথায় এক সমর্থক তাঁর টেলিভিশন ভেঙে ফেলেন।
পাকিস্তানের ওই সমর্থকের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, এক যুবক তাঁর টেলিভিশনটি মাটিতে আছাড় মারছেন। তারপর ব্যাট দিয়ে আঘাত করে সেটি সম্পূর্ণ ভেঙে ফেলছেন। ক্যাপশনে তিনি লেখেন, “ভারত আবার পাকিস্তানকে হারিয়ে দিল। রাগে আমিও আমার টেলিভিশন ভেঙে ফেললাম।” পরে আরও একটি পোস্টে তিনি লেখেন, “ভেঙে পড়েছি। লজ্জা লাগছে। আতঙ্কে আছি। কথাও বলতে পারছি না।” টেলিভিশন ভাঙার সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
ভারতের বিরুদ্ধে খেলা দেখতে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে প্রায় ১২,০০০ পাকিস্তানি সমর্থক উপস্থিত ছিলেন। দলের হতাশাজনক হার তাঁদের মাঠে বসেই দেখতে হয়েছে। ম্যাচ শেষে অনেককেই কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা যায়। কেউ কেউ আবার খেলা শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ত্যাগ করেন।
মকবুল নামের এক পাকিস্তানি দর্শক কাঁদতে কাঁদতে সংবাদসংস্থাকে বলেন, “এটা তো এখন জলভাতে পরিণত হয়েছে। আশা করেছিলাম, এ বার হয়তো জিতব। অন্তত লড়াই করব। কিন্তু কোথায় কী? বুমরাহ তো ছাড়, হার্দিকের বিরুদ্ধেই খেলতে পারছি না। ভারত ভাল খেলেছে। ওরা যোগ্য দল হিসেবেই জিতেছে।”
মকবুল আরও বলেন, এই ভাবে খেললে পাকিস্তান দলের কোনও আশা নেই। তাঁর কথায়, “এ ভাবে খেললে অন্যদের কাছেও পাকিস্তান হারবে। কোনও আশা নেই। ম্যাচ হারলেও সেখান থেকে ইতিবাচক কিছু পাওয়া যায়। এই ম্যাচ থেকে ইতিবাচক কিছুই নেই। গত ২০-২৫ বছর ভারত আমাদের টেক্কা দিচ্ছে। ওদের দাপট দিন দিন বাড়ছে।”




