Monday, May 18, 2026
spot_img
44.2 C
West Bengal

Latest Update

Suvendu Adhikari | আজ থেকেই রাজ্যে চালু বিবেকানন্দ মেরিট স্কলারশিপ

Follow us on :

কলকাতা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী পড়ুয়াদের সংবর্ধনা মঞ্চ থেকেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার থেকেই রাজ্যে ফের চালু করা হচ্ছে ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’। ধর্মের ভিত্তিতে নয়, বরং পড়ুয়ার মেধা এবং আর্থিক অবস্থার উপর ভিত্তি করেই এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। সরকারের এই ঘোষণায় বহু মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়া উপকৃত হবে বলেই মনে করছে শিক্ষামহল।

সোমবার কলকাতার ধনধান্য অডিটোরিয়াম-এ রাজ্য সরকারের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ রাজ্যের একাধিক মন্ত্রী ও আধিকারিক। সেখানেই কৃতী পড়ুয়াদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী এবং তাঁদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।

বক্তব্য রাখতে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং এপিজে আবদুল কালাম-এর প্রসঙ্গ টেনে তিনি পড়ুয়াদের উদ্দেশে বলেন, শিক্ষার কোনও বিকল্প নেই। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমেই জীবনে সফল হওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে পড়ুয়াদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, “চিন্তার কোনও কারণ নেই, সরকার সকলের পাশে রয়েছে।”

এই অনুষ্ঠান থেকেই ধর্মের ভিত্তিতে সরকারি ভাতা প্রদান নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন শুভেন্দু অধিকারী। এরপরই তিনি ঘোষণা করেন, “আজ থেকেই রাজ্যে চালু করা হচ্ছে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। ধর্ম নয়, মেধা ও আর্থিক অবস্থার ভিত্তিতে এই প্রকল্পের সুবিধা পাবেন পড়ুয়ারা।”

স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্পর্কেও এদিন তথ্য দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই প্রকল্পে আবেদন করার জন্য শিক্ষাদপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। যদিও ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’ প্রকল্পটি অতীতেও চালু ছিল। পরবর্তীকালে তা বন্ধ হয়ে যায়। নতুন সরকারের উদ্যোগে ফের সেই প্রকল্প চালু হওয়ায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ দেখা গিয়েছে।

Entertainment