ওয়েব ডেস্ক: মোনালিসা ভোঁসলে— নামটি অনেকের কাছে হয়তো অচেনা। তবে ‘মহাকুম্ভের ভাইরাল মোনালিসা’ (Mahakumbh Viral Girl Monalisa) বা ‘কুম্ভমেলা গার্ল’ বললে অনেকেই তাঁকে সহজেই চিনে ফেলবেন। সেই মোনালিসাই এ বার বিয়ে করলেন। কেরলের তিরুঅনন্তপুরমের পুবারে পুলিশি পাহারার মধ্যেই সম্পন্ন হল তাঁর বিয়ে।
বুধবার সমাজমাধ্যমে পরিচয় হওয়া এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মোনালিসা। জানা গিয়েছে, প্রায় ছ’মাস আগে ফেসবুকে তাঁদের আলাপ হয়েছিল। সেই পরিচয় থেকেই প্রেম, আর শেষ পর্যন্ত সেই যুবককেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন ভাইরাল এই তরুণী।
তবে বিয়ের পথ মোটেই মসৃণ ছিল না। ভিন্ন ধর্মের এক যুবককে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ায় পরিবার থেকে প্রবল আপত্তির মুখে পড়তে হয়েছে বলে দাবি মোনালিসার। তাঁর অভিযোগ, প্রেমের কথা জানাজানি হওয়ার পর পরিবারের তরফে দূর সম্পর্কের এক আত্মীয়ের সঙ্গে জোর করে তাঁর বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হন।
মোনালিসা কেরলের থাম্পানুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তাঁর পরিবারের সদস্যদের থানায় ডেকে পাঠায় এবং জানায়, মোনালিসা প্রাপ্তবয়স্ক— তাই নিজের জীবনসঙ্গী নির্বাচনের পূর্ণ অধিকার তাঁর রয়েছে। পরিবারের সঙ্গে আলোচনার পর অবশেষে পুলিশের উপস্থিতিতেই বুধবার তিরুঅনন্তপুরমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের সময় লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর এবং গলায় ফুলের মালা পরে দেখা যায় মোনালিসাকে। খুবই সাদামাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় বিয়ে।
প্রসঙ্গত, ২০২৫ সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় প্রথম আলোচনায় আসেন মোনালিসা। মেলায় খুড়তুতো বোনদের সঙ্গে ঘুরে ঘুরে মালা বিক্রি করছিলেন তিনি। তাঁর চোখের সৌন্দর্য সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই বদলে যেতে শুরু করে তাঁর জীবন।
একসময় প্লাস্টিকের ছাউনি দেওয়া জরাজীর্ণ ঘরে দিন কাটানো মোনালিসা এখন অনেকটাই বদলে গিয়েছেন। বিজ্ঞাপন ও চলচ্চিত্রের প্রস্তাবও পেয়েছেন তিনি। বর্তমানে একটি মালয়ালম ছবি ‘নাগাম্মা’র শুটিং করছেন। পাশাপাশি বলিউডেও কাজের সম্ভাবনা তৈরি হয়েছে। পরিচালক সনোজ মিশ্রের ছবি ‘দ্য ডায়েরি অফ মণিপুর’-এ তাঁর আত্মপ্রকাশ হতে পারে বলেও জানা গিয়েছে।
এখন সমাজমাধ্যমেও বেশ সক্রিয় মোনালিসা— আর ভাইরাল হওয়া সেই মুহূর্তের পর থেকেই তাঁর জীবন যেন নতুন মোড় নিয়েছে।



