কলকাতা: নবান্নে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম ক্যাবিনেট বৈঠক করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৈঠকে উপস্থিত ছিলেন নবনির্বাচিত পাঁচ মন্ত্রী এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা প্রথম ক্যাবিনেট বৈঠক সম্পন্ন করেছি। মন্ত্রিসভায় আমার পাঁচজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সতীর্থ উপস্থিত ছিলেন। ডবল ইঞ্জিন সরকার দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করবে। দীর্ঘদিন পর ভয়মুক্ত ও অবাধ নির্বাচন দেখল দেশ তথা বিশ্বের মানুষ। ভোটকর্মী, গণনাকর্মী, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও সমস্ত প্রার্থীদের ধন্যবাদ জানাই।”
পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে যুক্ত হল পশ্চিমবঙ্গ। বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, সোমবার থেকেই এই প্রকল্পে যুক্ত হল পশ্চিমবঙ্গ।
এছাড়া প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বিমা যোজনা, পিএম শ্রী, বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে সক্রিয় ভাবে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। জেলাশাসকদের দ্রুত সমস্ত আবেদন কেন্দ্রীয় মন্ত্রকে পাঠানোর নির্দেশ দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।


