Wednesday, May 20, 2026
spot_img
32 C
West Bengal

Latest Update

Mohammed Shami

Mohammed Shami | টেস্ট দলে এ বারও জায়গা হল না শামির

Follow us on :

স্পোর্টস ডেস্ক: আইপিএল শেষ হতেই আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মঙ্গলবার জাতীয় নির্বাচক কমিটির বৈঠকের পর ঘোষিত দলে সহ-অধিনায়ক করা হয়েছে লোকেশ রাহুলকে। অধিনায়কত্ব করবেন শুভমন গিল। তবে সবচেয়ে বড় চমক, দলে জায়গা পেলেন না অভিজ্ঞ পেসার মহম্মদ শামি (Mohammed Shami)।

৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত নিউ চণ্ডীগড়ের মুল্লানপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-আফগানিস্তান টেস্ট। যদিও এই ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়। সেই কারণেই বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহকে। কিন্তু বুমরাহ না থাকলেও শামিকে দলে না রাখার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ক্রিকেটমহল।

জাতীয় নির্বাচকেরা এ বার সুযোগ দিয়েছেন তিন তরুণ ক্রিকেটারকে— হর্ষ দুবে, মানব সুতার এবং গুরনুর ব্রার।
২৩ বছরের মানব সুতার বাঁহাতি স্পিনার এবং কার্যকর ব্যাটার হিসেবে পরিচিত। অলরাউন্ডার হিসেবেই তাঁকে দেখা হচ্ছে। অন্যদিকে ২৫ বছরের গুরনুর ব্রার মূলত জোরে বোলার হলেও ব্যাট হাতেও অবদান রাখতে পারেন। ২৩ বছরের হর্ষ দুবেও বাঁহাতি স্পিন অলরাউন্ডার।

নির্বাচকদের এই পদক্ষেপে স্পষ্ট, ভবিষ্যতের দল গঠনের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক প্রধান অজিত আগারকর। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক দলের পরিবেশে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

যদিও আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে মানব, গুরনুর বা হর্ষ সুযোগ পাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে শুভমন গিলদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের আবহ অনুভব করা তাঁদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হতে চলেছে। উল্লেখযোগ্যভাবে, মানব সুতার এবং গুরনুর ব্রার দু’জনেই আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলেছেন।

এই দল নির্বাচনের মাধ্যমে আরও একটি বার্তা স্পষ্ট হয়েছে বলে মনে করছেন অনেকেই— অন্তত লাল বলের ক্রিকেটে মহম্মদ শামিকে নিয়ে আপাতত আর ভাবছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদিও আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে তিনি ভাল পারফরম্যান্স করেছেন, তবু জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তনের রাস্তা কঠিন বলেই ইঙ্গিত মিলছে।

দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকা অক্ষর পাটেল, রবীন্দ্র জাডেজা এবং আকাশ দীপকেও এই টেস্টের দলে রাখা হয়নি।

উল্লেখযোগ্যভাবে, ভারত এবং আফগানিস্তান এখনও পর্যন্ত মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেছে। ২০১৮ সালে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত সেই ম্যাচে ভারত ইনিংস এবং ২৬২ রানে জয় পেয়েছিল। মাত্র দু’দিনেই শেষ হয়ে গিয়েছিল সেই টেস্ট।

একনজরে দেখে নিন ভারতীয় দলের টেস্ট স্কোয়াড:

শুভমন গিল (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দেবদত্ত পডিক্কল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষ দুবে, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), মানব সুতার এবং গুরনুর ব্রার

Entertainment