Friday, June 12, 2026
spot_img
31.1 C
West Bengal

Latest Update

Jahangir Khan

Jahangir Khan | ঝুঁকলেন ‘পুষ্পা’! পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির!

Follow us on :

ওয়েব ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি। তার মধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে মঙ্গলবার নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান (Jahangir Khan)। ভোটপ্রচারের শেষ দিনে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, “আমি এই ভোটে লড়ছি না।”

তবে তাঁর এই সিদ্ধান্ত দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি জাহাঙ্গির। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, এটি সম্পূর্ণ জাহাঙ্গির খানের ব্যক্তিগত সিদ্ধান্ত, দলের নয়।

মঙ্গলবার সকালে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন জাহাঙ্গির খান, যিনি রাজনৈতিক মহলে ‘পুষ্পা’ নামেও পরিচিত। তিনি বলেন, “ফলতার উন্নয়নের জন্য সম্মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিশেষ উন্নয়ন প্যাকেজ ঘোষণা করেছেন। সেই কারণেই আমি এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

যদিও মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। ফলে ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করলেও ইভিএমে জাহাঙ্গির খানের নাম এবং প্রতীক থাকবেই।

এদিনই ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে রোড শো করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জাহাঙ্গিরের ঘোষণার পর বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন পদ্মশিবিরের কর্মীরা।

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর রোড শোর সময় প্রচারে না গিয়ে বাড়িতেই সাংবাদিকদের মুখোমুখি হন জাহাঙ্গির। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমি ফলতার ভূমিপুত্র। আমি চাই ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক এবং আরও উন্নত হোক।”

সাদা শার্ট ও কালো ট্রাউজার্স পরিহিত জাহাঙ্গিরের গলায় তখন আবেগ স্পষ্ট। তিনি বলেন, “আমার স্বপ্ন ছিল সোনার ফলতা গড়ে তোলা। সেই লক্ষ্যে উন্নয়নের স্বার্থেই ২১ মে-র পুনর্নির্বাচনের লড়াই থেকে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি।”

পুনর্নির্বাচনের আগে এই নাটকীয় মোড় এখন জেলার রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু।

Entertainment