কলকাতা: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মাসিক ৩ হাজার টাকা পাওয়ার প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। প্রশ্নও ছিল অনেক। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হল অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) সরকারি পোর্টাল।
নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অনুমোদন দেয় রাজ্য সরকার। জানানো হয়, আগামী ১ জুন থেকে নথিভুক্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩ হাজার টাকা করে পাঠানো হবে। সেই সঙ্গে নারী ও শিশু কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পল ঘোষণা করেছিলেন, খুব শীঘ্রই একটি অনলাইন পোর্টাল চালু করা হবে, যেখানে নতুন আবেদন এবং পুরনো আবেদনকারীদের স্টেটাস দেখা যাবে।
সেই মতো চালু হয়েছে সরকারি ওয়েবসাইট— অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল
ওয়েবসাইটে ঢুকলেই বাঁদিকে দেখা যাচ্ছে ‘অন্নপূর্ণা যোজনা পোর্টাল’ লেখা। ডানদিকে রয়েছে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার ব্যবস্থা। তবে এখনও পর্যন্ত নতুন করে রেজিস্ট্রেশনের কোনও অপশন দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
এদিকে, যাঁরা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী, তাঁরাও লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়ছেন। নির্দিষ্ট ঘরে মোবাইল নম্বর দেওয়ার পর অনেকের ক্ষেত্রেই ‘ইনভ্যালিড’ বার্তা দেখাচ্ছে। ফলে আবেদনকারীদের একাংশের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নতুন পোর্টাল চালু হওয়ার কারণে প্রযুক্তিগত বা সার্ভারজনিত কিছু সমস্যা দেখা দিয়েছে। প্রশাসনিক সূত্রের দাবি, খুব দ্রুত এই সমস্যা মিটিয়ে ফেলা হবে। তারপর আবেদনকারীরা মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে নিজেদের তথ্য যাচাই করতে পারবেন। পাশাপাশি নতুন আবেদনকারীদের জন্যও রেজিস্ট্রেশনের সুযোগ চালু করা হবে।
সরকারি তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও অতিরিক্ত নির্দেশিকা প্রকাশ করা হয়নি। তবে পোর্টাল সম্পূর্ণ সচল হলে আবেদন প্রক্রিয়া আরও সহজ হবে বলেই মনে করা হচ্ছে।


