Monday, May 25, 2026
spot_img
31.5 C
West Bengal

Latest Update

Weather Update | ঘন কুয়াশার সতর্কতা ১১ জেলায়, রবিবার পর্যন্ত ঠান্ডা কতটা?

Follow us on :

কলকাতা: কলকাতার তাপমাত্রায় সামান্য ঊর্ধ্বগতি দেখা গেলেও শীতের দাপট এখনও কাটেনি (Weather Update)। প্রায় এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে পারদ। এক দিন বন্ধ থাকার পর ফের শহরে টের পাওয়া যাচ্ছে উত্তুরে হাওয়া। এর পাশাপাশি ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

আবহাওয়া দফতর জানিয়েছে, কোথাও কোথাও তাপমাত্রা সামান্য বাড়লেও রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের নীচেই রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গ জুড়েই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। ভোরের দিকে অধিকাংশ জেলায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনাও রয়েছে। তবে সপ্তাহান্তের দিকে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস।

উল্লেখ্য, জানুয়ারির প্রথম সপ্তাহেই কলকাতার পারদ নেমেছিল ১০ ডিগ্রির ঘরে। বুধবার ভোরে শহরের তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। তার তুলনায় বৃহস্পতিবার সামান্য বেড়েছে পারদ। এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি কম।

এ দিকে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ ক্রমশ সুস্পষ্ট হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার সেটি অতি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে এবং পরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। তবে এই নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। ফলে রাজ্য জুড়ে উত্তুরে হাওয়ার দাপট বজায় থাকবে।

শুক্রবার পর্যন্ত রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের নীচে থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে। বৃহস্পতিবার হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ‘শীতল দিন’-এর পরিস্থিতি তৈরি হতে পারে।

এ ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ১৯৯ থেকে ৫০ মিটারের মধ্যে নেমে যেতে পারে।

উত্তরবঙ্গেও কুয়াশার দাপট বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বৃহস্পতি ও শুক্রবার ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ‘শীতল দিন’ থাকার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Entertainment